তাপসকিরণ রায়ের কবিতা--
তাপসকিরণ রায়ের কবিতা--
ফুলেরা ঘুমিয়ে থাকে
ফুলেরা ঘুমিয়ে থাকে
অন্যদিকে একটা জন্মান্তর পেরিয়ে যাচ্ছে...
হিম কুয়াশা ফেলে রেখে চলে গেছো তুমি।
হঠাৎ কোন সাংকেতিক ঘণ্টা শব্দে
আবার ঘুম ভেঙে যাচ্ছে।
আঁতুড়ঘরের সেই শিশু আড়মোড়া খাচ্ছে
তোমাদের সেই বাগান মাঠ খামার
সবুজ জমিন ক্ষেত পেরিয়ে
এক যুগল প্রেমিক-প্রেমিকা, তারা বকবকম
পায়রার মত কথোপকথন রত।
এখন আবার ফুল ফুটেছে--জন্মান্তর ভেঙে
একটা সকাল উঠে এসেছে--
কিনু গোয়ালার গলি থেকে
দুগ্ধবতী গাভীর হাম্বা রব এর মাঝে
অন্য একটা পৃথিবী জেগে উঠছে ।
আরও একটা ছক তৈরি হচ্ছে
আয়ু পূর্ণতার পর পৃথিবীর বদল হচ্ছে।
আসলে বদলায় না কিছুই--
শুধু পরিবর্তিত হয়।
আবার সব কিছু ফিরে ফিরে নতুন পুরনো হয়,
আর পুরনো নতুন হয়ে আসে,
চোখ পাল্টাচ্ছে, অস্তিত্ব মুছে গিয়ে
পরিবর্তিত আর একটা অস্তিত্ব উঠে আসছে।
Comments
Post a Comment