হেমন্ত সরখেলের কবিতা
অকিঞ্চন
হেমন্ত সরখেল
ফেরত জীবনে কিছু চন্দনগন্ধ
বারুদে মাখিয়ে ছেড়ে যাই আঁচলে তোমার
আজ আর রদ্দি ভাবা
মায়া বা প্রেম
কিছুই নেই |
দিয়ে যাই যা কিছু অনাসৃষ্ট রয়ে গেছে পুঁথির পেটে
যা নিতে চায়নি কেউ
একটা জীবন ধরে ব্রহ্ম-শূন্য সমার্থক মেনে
নষ্ট করেছি যত গুণগান
তুলে নাও
আঁচলে তোমার | আমার_
নিয়মভঙ্গের নিয়মে
তোমাকেই নিতে হবে উশৃঙ্খল
যাবতীয় ত্যাজ্য বিষয়
ভালো সব রূপকের গুণে
ঠাঁই করে নিয়েছে সিন্দুকে,অলঙ্কারদামে কিনে
ছুঁড়ে দিয়ে গেছে কিছু কড়ি
সবটুকু নিঃস্ব না হলে অভিমান
অজপা হবে কি ক্ষমায় ?
এইটুকু তাই রাখো তুমি
সবুজে গোলাপে রেখ কাল,
তুমি ছাড়া এমন শত্রু আর কোথায়
সামলাবে অষ্টকজাল ?
রেখে দাও
যত ক্রন্দনরোল
বীতশোক,ভ্রম,সুখ
ইচ্ছে করে না যক্ষ হতে, আঁচল পাতো,রেখে যাই দুখ |

Comments
Post a Comment