সৌভিক পাল চৌধুরীর লেখা তিনটি কবিতা
আমি জিহাদী মানুষের জন্মের সময়
খুঁজে পেয়েছি এক নিস্পাপ বালক ।
ঈশ্বর সর্বাপেক্ষা নিসংঙ্গ, উন্মাদ
শুধু পরবর্তী মানুষের জন্য বলে যাক
এই মৃত্যু আকস্মিক নয় ।
এক মুহুর্ত আলো জ্বালে আর
নিভে যায় পরক্ষনেই
সিরিয়ায় বালকেরা কি খেলা করে ?
ওরা মৃতদের আদলে শুয়ে
চক দিয়ে দাগ কেটে দেয় গন্ডি
তারপর হেসে লুটোপুটি, ঠিক কতভাবে
একটা মানুষ মরতে পারে ?
এই শৈশব, এই কৈশোর
এই সদ্য কিশোরীর আতঙ্ক, আমার
শিরদাঁড়ার আনাচে কানাচে ঘাটি গাড়ে
ছড়ায় আমার ধুলিসাৎ তৃতীয় প্রজন্ম ।
কোনো জন্মদিনে, বাড়ি ভর্তি মানুষের ভিড়ে
ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষতচিহ্ন
বেকারির কেক মেখে নিও ।
জন্মদিন মুবারক হো !




দারুণ,,,,,, দুর্দান্ত। খুবই ভালো লাগলো
ReplyDelete